অনলাইনে পেঁয়াজ কেনায় ধুম
অনলাইনে সরকারি বিপণন সংস্থা টিসিবির পেঁয়াজ বিক্রি শুরুর আড়াই ঘণ্টাতেই ফুরিয়ে গেছে নির্ধারিত স্টক। তবে যারা আগে বায়না করেছেন ঘণ্টা দুয়েকের মধ্যেই তাদের কাছে পেঁয়াজ পৌছে দিয়েছে চালডাল ডটকম, স্বপ্ন অনলাইন এবং সব্জিবাজার ডটকম। ঘরে বসে স্বস্তির পেঁয়াজ কার্যক্রমের প্রথম দিন, সোমবার মধ্য দুপুরে এই কার্যক্রম শুরু করে তারা।
এরপরই ৩৬ টাকা দরে পেঁয়াজ কিনতে হুমড়ি খেয়ে পড়েন রাজধানীবাসী। ফলে বরাদ্দ অনুযায়ী ক্রেতাদের বায়না মেটাতে রীতিমত হিমশিম খেতে হয়েছে অনলাইন শপগুলোর।
রবিবার সন্ধ্যায় সুপারশপ স্বপ্ন অনলাইন, চালডাল ডটকম এবং সবজিবাজার দেড় হাজার কেজি করে পেঁয়াজ বরাদ্দ দেয় টিসিবি।
বরাদ্দকৃত পেঁয়াজ বাছাই করে নিয়ম অনুযায়ী ৩৬ টাকা দরে সর্বোচ্চ ৩ কেজি করে পেঁয়াজ বিক্রির এই আয়োজনে ২ ঘণ্টায় ৪৫০ কেজি পেঁয়াজের অর্ডার পায় স্বপ্ন। সর্বোচ্চ ৩০ টাকা ডেলিভারি চার্জ নেয়ার সুযোগ থাকলেও বিনা মাসুলেই ক্রেতার বাসায় পৌঁছে দেয়া হচ্ছে বলে জানালেন প্রতিষ্ঠানটির হেড অব ই-কমার্স খাজা আসাদ বেলাল।
বেলা সাড়ে ১২টায় চালুর পর প্রায় তিন ঘণ্টার মধ্যে পেঁয়াজের স্টক তলানিতে নেমে আসে আরেক ই-কমার্স প্রতিষ্ঠান চালডাল ডটকমের। গুলশান-বনানী- ধানমন্ডিতে বেশি অর্ডার হয়েছে বলে জানান প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়া আশরাফ।
একইভাবে অনলাইনে পেঁয়াজ অর্ডার শুরু হওয়ার ২ ঘণ্টার মধ্যেই ৫০০ কেজি বিক্রি শেষ হওয়ার কথা জানান সবজিবাজার ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন। মিরপুর, মোহাম্মদপুর, মতিঝিল থেকে সবচেয়ে বেশি বায়না হয়েছে বলে জানান তিনি।
আটটি অনলাইনে চালু হওয়ার কথা থাকলেও সরবরাহ ঘাটতি থাকায় প্রথম দিনে মাত্র ৩টি অনলাইনে এই সেবা করতে পেরেছে বলে জানিয়েছেন ই-ক্যাবের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম শোভন। আমদানিকৃত পেঁয়াজ এলেই এই অবস্থার অবসান ঘটবে বলে প্রত্যাশা করেন তিনি।